প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | শুক্রবার, ২০২৬ জুলাই ১০, ০৭:৩৪ অপরাহ্ন
সারাজীবনের সঞ্চয়ের টাকা কাল হলো বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধ বুবির, গ্রেপ্তার ৫
সারাজীবনের সঞ্চয়ের টাকা কাল হলো বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধ বুবির, গ্রেপ্তার ৫
বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মী বুবি

‎নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাকপ্রতিবন্ধী সত্তরোর্ধ্ব পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগমকে। সারাজীবনের জমানো টাকাই কাল হলো তার। এই টাকা ছিনিয়ে নিতে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববির। এ ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

‎দুই যুগেরও বেশি সময় ধরে মেথিকান্দা রেলস্টেশনে বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন বুবি। স্টেশনের পরিত্যক্ত একটি ঘরে থাকতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে যে খাবার আর টাকা পয়সা দিতেন তা দিয়েই চলতো তার দিন। লোকজন যে টাকা পয়সা দিতো তা নিজের কাছে আগলে রাখতেন। কিন্তু সব হারা মানুষটির সেই জমানো টাকাই যেন কাল হয়ে দাঁড়ালো।

গত শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। মারধর করে ছিনিয়ে নেয় তিলে তিলে জমানো সঞ্চয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে মারা যান তিনি। এই খবরে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসামি ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

‎এঘটনায় মামলা হলে রেলওয়ে পুলিশের পাশাপাশি মাঠে নামে র‌্যাব। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে নরসিংদী থেকে ৩ জন, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে  ব্রাক্ষণবাড়িয়া নবীনগর থেকে আরো দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

‎সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, বৃদ্ধা ববি বেগমের সারাজীবনের সঞ্চয়ের টাকা ছিনিয়ে নিতেই তাকে মারধর করা হয় এবং টাকা ছিনিয়ে নেয়। গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।