Friday, 04 September 2026 | মঙ্গলবার, ২০২৬ আগস্ট ০৪, ০৫:৩৭ অপরাহ্ন

সুযোগ পেলেই শিক্ষার্থীকে নিয়ে ওয়াশরুমে যেতেন মাদরাসার শিক্ষক
নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রামে আট বছর বয়সী মাদরাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগ হওয়া মামলায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকা তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

গ্রেপ্তার মুহাম্মদ রমিজ উদ্দীন (৩১) বাঁশখালী উপজেলার উত্তর সরল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে এবং স্থানীয় দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে প্রধান শিক্ষক রমিজ উদ্দীন বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখিয়ে মাদরাসার ওয়াশরুমে নিয়ে বলাৎকার করতেন।

সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে মাদরাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে ওই শিশুকে এতিমখানার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে আবারও বলাৎকার করা হয়। পাশাপাশি বিষয়টি কাউকে বলতে ভয়ভীতিও দেখানো হয়।

পরে বাড়িতে গিয়ে শিশুটি মায়ের কাছে কান্নাকাটি করে মাদরাসায় আর না যাওয়ার কথা জানায় এবং সব খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে গত ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এ. আর. এম. মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, মামলা হওয়ার পর থেকে রমিজ উদ্দীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কপিরাইট © 2026 jibonkantho.com