Thursday, 03 September 2026 | মঙ্গলবার, ২০২৬ আগস্ট ২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

চাঁদপুরে অনুমোদনবিহীন দুই বেকারিতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদন

বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের ইলিশ চত্বর এলাকার ‘কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি’কে ২৫ হাজার টাকা এবং মিশন রোডের ‘আরাবিয়ান সুইটস অ্যান্ড পেস্ট্রি শপ’কে বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

বিএসটিআই সূত্রে জানা যায়, বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করেই প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। এ কারণে বিএসটিআই আইন-২০১৮-এর ৩১ ধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনস্বার্থে মান সনদবিহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এমন তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

কপিরাইট © 2026 jibonkantho.com