কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতা ও ‘অপু গ্রুপ’-এর প্রধান আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার (১ জুলাই) ভোররাত ৩টার দিকে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর অপুর দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী কোতোয়ালি থানার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ জুন (বুধবার) রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
চাঞ্চল্যকর এই ঘটনার পর অপরাধীদের আইনের আওতায় আনতে কুমিল্লার পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
তবে ঘটনার মূল হোতা আবু হানিফ ওরফে অপু সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার নিবিড় তৎপরতা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া আবু হানিফ ওরফে অপুর আগের অপরাধের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অন্যান্য আইনে বিভিন্ন থানায় অন্তত ২৫টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নতুন একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।