প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদন | বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৩, ০৩:৪৬ অপরাহ্ন
ভিক্টোরিয়া নার্সিং কলেজের আয়োজনে বর্ণাঢ্য নিউট্রিশন ফেয়ার অনুষ্ঠিত
ভিক্টোরিয়া নার্সিং কলেজের আয়োজনে বর্ণাঢ্য নিউট্রিশন ফেয়ার অনুষ্ঠিত
নিজস্ব ক্যামেরা

ভিক্টোরিয়া নার্সিং কলেজের আয়োজনে বর্ণাঢ্য নিউট্রিশন ফেয়ার অনুষ্ঠিত
দৈনিক জীবনকন্ঠ:
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) পরিচালিত কুমিল্লার স্বনামধন্য বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া নার্সিং কলেজ, কুচাইতলী, কুমিল্লা-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নিউট্রিশন ফেয়ার–২০২৬।
২০২৬ সালের নার্সিং কারিকুলামের অংশ হিসেবে পুষ্টি বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান শিক্ষার্থীদের মাঝে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা শহরের মনোরম পরিবেশে অবস্থিত হোটেল ওয়াসিসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া নার্সিং কলেজের অধ্যক্ষ সাবেক সেনা অফিসার মেজর তাহমিনা ইসরাত খানম, কুমিল্লা জেলার সাবেক সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা সরকারি নার্সিং কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ মোঃ মনিরুল হক এবং কুমিল্লা জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট জনাবা আভা রানি মজুমদারসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভিক্টোরিয়া নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, পুষ্টি বিষয়ের প্রভাষক শিরিন আক্তার এবং কলেজের উৎসাহী শিক্ষার্থীরা।
নিউট্রিশন ফেয়ারে শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ছয়টি আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে সুষম, স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও পুষ্টিকর বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা তিনটি স্টল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী বাকি তিনটি স্টলকে উৎসাহিত করার লক্ষ্যে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ক জ্ঞান, সৃজনশীলতা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ভিক্টোরিয়া নার্সিং কলেজের নিউট্রিশন ফেয়ার–২০২৬ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।