Friday, 04 September 2026 | মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ০১, ০২:৫৮ অপরাহ্ন

মালয়েশিয়া যেতে ১৭ হাজার কর্মীকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের
Tahmina Israt Khanam

মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবেদনে মালয়েশিয়াগামী ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৭ হাজার ৭৭৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়। আদালত নতুন উদ্যোগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেয়।

সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় আদালতে একটি প্রতিবেদন দাখিল করে। এতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এ সংক্রান্ত দায়ের করা রিটের শুনানি শেষে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় আদালত। 

সরকারের ঘোষিত জিরো কস্ট স্কিমের আওতায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত ১০ হাজার কর্মীর ক্ষেত্রে তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭৭৭ জন কর্মীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব জনশক্তি রপ্তানিকারক এজেন্সি কর্মী পাঠাতে ব্যর্থ হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িত বলে চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ও আইনগত ব্যবস্থার বিষয়েও আদালতকে অবহিত করা হয় ।

শুনানির একপর্যায়ে সরকারের নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, সরকার নতুন একটি উদ্যোগের মাধ্যমে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে।

পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ প্রেক্ষাপটে জিরো কস্ট স্কিমের আওতায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত ১০ হাজার কর্মীর ক্ষেত্রে এসব ক্ষতিগ্রস্ত কর্মীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেয় আদালত।

একই সঙ্গে মামলাটি চার মাসের জন্য মুলতবি রাখার সিদ্ধান্ত হয়। আর এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটি রিপোর্ট দাখিলেরও নির্দেশ দেয় আদালত।

কপিরাইট © 2026 jibonkantho.com